মালয়েশিয়ার জোহর রাজ্যে খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশিয়ার পদে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করেছে রাজ্য সরকার। একই সঙ্গে বিদেশি কর্মীদের বৈধ পাসপোর্ট ও কর্মানুমতিপত্র নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের তালিকা স্থানীয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ব্যবসায় স্থানীয়দের সুযোগ সংরক্ষণ এবং বিদেশি কর্মীদের নিয়োগ ও কার্যক্রমে নজরদারি বাড়াতে নতুন তিনটি শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। রাজ্যের ১৬টি স্থানীয় সরকার কর্তৃপক্ষের (পিবিটি) আওতায় এসব নির্দেশনা অভিন্নভাবে কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।
জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক কমিটির চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর জানান, আগামী বছর প্রস্তাবগুলো বিবেচনার জন্য তোলা হবে। পরে বিদ্যমান আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ার অনুযায়ী বিস্তারিত বিধিমালা প্রণয়ন করা হবে।
তিনি বলেন, প্রস্তাবিত প্রথম শর্ত অনুযায়ী, খুচরা বিক্রয়কেন্দ্রের মূল্য পরিশোধ কাউন্টারে ক্যাশিয়ার হিসেবে নিয়োগের ক্ষেত্রে মালয়েশীয় নাগরিকদের অগ্রাধিকার দিতে হবে।
দ্বিতীয় শর্তে বলা হয়েছে, প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ পাসপোর্ট এবং সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে কাজের জন্য উপযুক্ত বৈধ কর্মানুমতিপত্র বা পাস থাকতে হবে।
তৃতীয় শর্ত অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের তাঁদের প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মীদের তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কর্মীর সংখ্যা বা তথ্যে কোনো পরিবর্তন হলে হালনাগাদ তথ্যও কর্তৃপক্ষকে জানাতে হবে। জোহর রাজ্য আইনসভায় বিদেশিদের ব্যবসা পরিচালনার সংখ্যা বৃদ্ধি নিয়ে কয়েকজন আইনপ্রণেতার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে মোহাম্মদ জাফনি বলেন, স্থানীয় সরকার কর্তৃপক্ষের ব্যবসা, বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত উপবিধিতে প্রয়োজনীয় সংশোধনের বিষয়টি পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার, লাইসেন্স প্রদানের শর্ত কঠোর এবং লাইসেন্সের অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ বাড়ানো হবে।
এ ছাড়া রাজ্যের ১৬টি স্থানীয় কর্তৃপক্ষকে ব্যবসায়িক কার্যক্রমের ২৯০টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি সিটি কাউন্সিল এলাকায় ৯০টি, সাতটি পৌরসভা এলাকায় ১৪০টি এবং ছয়টি জেলা পরিষদ এলাকায় ৬০টি স্থান রয়েছে।
তিনি আরও স্পষ্ট করেন, জোহরের ১৬টি স্থানীয় কর্তৃপক্ষের কোনোটি বিদেশিদের জন্য সাপ্তাহিক সকালবাজার, রাতের বাজার কিংবা কৃষিপণ্যের বাজারে ব্যবসা পরিচালনার ফেরিওয়ালা লাইসেন্স দেয়নি।
মোহাম্মদ জাফনি বলেন, স্থানীয় বাসিন্দাদের ব্যবসার সুযোগ সুরক্ষিত রাখতে হবে। স্থানীয় নাগরিকদের নামে দেওয়া লাইসেন্স ভাড়া দেওয়া, অন্যের কাছে হস্তান্তর কিংবা বিদেশিদের দিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ তৈরি করার জন্য নয়। কেউ লাইসেন্সের অপব্যবহার করলে বিদ্যমান আইন অনুযায়ী লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ২০২৫ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত জোহরের ১৬টি স্থানীয় কর্তৃপক্ষের পরিচালিত অভিযান ও তদারকিতে ১ হাজার ৯২টি মালামাল জব্দ, ২১১টি নোটিশ এবং ৫১১টি জরিমানা করা হয়েছে। এসব জরিমানার মোট পরিমাণ ৩ লাখ ২৪ হাজার ৫০০ রিঙ্গিত।
বিদেশি কর্মীদের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় সক্রিয় বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২০ লাখ ৮০ হাজার। এই পরিসংখ্যানে শুধু বৈধভাবে কর্মরত সক্রিয় বিদেশি কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের মোট বিদেশি নাগরিক, অবৈধ অভিবাসী হিসেবে আটক ব্যক্তিদের কিংবা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) নথিধারীদের এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
জোহর রাজ্যে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাসধারী (পিএলকেএস) বিদেশি কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪১ হাজার ৩৪৩ জনে। একই বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অবৈধ অভিবাসনের অভিযোগে ৫ হাজার ৮৯২ জনকে আটক করা হয়েছে। জাতীয়তা অনুযায়ী জোহরে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকরা।