চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের নিহত হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে থাকে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বের হয়েছিলেন তারা। এ সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে তার পরিবারের সদস্যদের খবর দেয়।
নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি জানান, মেহেদীর মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।