মাদারীপুরের শিবচরে চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের সমাবেশ শেষে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অসুস্থ শিক্ষার্থীদের প্রায় সবার মধ্যেই একই ধরনের উপসর্গ দেখা গেছে। প্রথমে মাথা ঘোরা ও বমি বমি ভাব, পরে অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা শুরু থেকেই ঘটনাটিকে গণহিস্টিরিয়া বা গণমনস্তাত্ত্বিক সমস্যা হিসেবে বিবেচনা করছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে সমাবেশের আয়োজন করেন। সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর পর্যায়ক্রমে আরও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এতে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কয়েকজন অভিভাবক বলেন, এমন পরিস্থিতিতে অভিভাবক সমাবেশ না ডেকে চিকিৎসক এনে শিক্ষার্থীদের মানসিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।