চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা দুই ভাই-বোনের মধ্যে দুই বছর বয়সী শিশু আনাছ হোসেনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছে তার সাড়ে তিন বছর বয়সী বোন মরিয়ম আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত আনাছ হোসেন ও আহত মরিয়ম আক্তার ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ একটি বসতঘরে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে দুটি বসতঘর পুড়ে যায় এবং ঘরে থাকা দুই শিশু দগ্ধ হয়। ঘটনাস্থলেই শিশু আনাছের মৃত্যু হয়। গুরুতর আহত মরিয়মকে পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অগ্নিকাণ্ডে মো. মিজানুর রহমান ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অপর শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে দুটি বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন।