কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধানমন্ত্রীর আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করে আগামীকাল সোমবার তার সঙ্গে বৈঠকে বসছে দলটির একটি প্রতিনিধিদল।
এ বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা শুরু হতে যাচ্ছে।
সোমবার দুপুরে অনুষ্ঠেয় বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে আগামীকালের বৈঠকের মধ্য দিয়ে সেই আলোচনা শুরু হচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম রোববার বিকেলে দেশে ফিরবেন। তিনি ফেরার পর আলোচনা করে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে।
বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে এনসিপি। দলটির মতে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এই বিষয়গুলোকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে রাখতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত বুধবার প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা। এরপর ২৭ অথবা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক নেতা বলেন, ‘সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে অন্য বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রথম পর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে সব দলের অংশগ্রহণে সর্বদলীয় বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। দলটির নেতারা জানিয়েছেন, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য বাধাগ্রস্ত হয়েছে, সেগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন তারা।
এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার অভিযোগের বিষয়গুলোও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন এনসিপির নেতারা। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলটির পাঁচ দফা দাবিও বৈঠকে উপস্থাপন করা হবে।