সিলেট সদর উপজেলার ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের লালারগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও বসতবাড়ি। অব্যাহত এই ভাঙনে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন চললেও তা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতভিটা। দ্রুত ভাঙন রোধ করা না গেলে অনেক পরিবার তাদের শেষ আশ্রয়টুকুও হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, ভাঙন প্রতিরোধে পরিকল্পিতভাবে নদীতীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণ জরুরি। তাদের দাবি অনুযায়ী, ওই এলাকায় প্রায় ৩০০ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ হওয়ার কথা থাকলেও বাস্তবে হয়েছে মাত্র ১৫০ কিলোমিটার। অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করা হলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতো।
নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।