পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে এক স্থানীয় সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনার জেরে শনিবার সকাল থেকে বেড়া পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করলে একপর্যায়ে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিকেল ৪টা পর্যন্ত এলাকায় থেমে থেমে উত্তেজনা ও সংঘর্ষ চলছিল।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।