কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার বিক্রির চাপে বড় ধরনের দরপতন হয়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। শুক্রবার এক দিনেই দেশটির প্রধান তিনটি শেয়ারবাজার সূচকে উল্লেখযোগ্য পতন ঘটেছে। এতে ২০২৬ সালে নাসডাকের অর্জিত সব মুনাফা মুছে গেছে। অন্যদিকে, ডাও জোন্স ও এসঅ্যান্ডপি ৫০০ সূচকও সংশোধন পর্যায়ে প্রবেশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ডাও জোন্স সূচক ৯৪৯ পয়েন্ট বা ১ দশমিক ৯৩ শতাংশ কমে ৪৮ হাজার ১৪৭ পয়েন্টে নেমে আসে। এসঅ্যান্ডপি ৫০০ সূচকের পতন হয়েছে ৩ দশমিক ৭০ শতাংশ। আর প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক কমেছে ৫ দশমিক ২৮ শতাংশ।
বাজারের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী, কোনো সূচক তার সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে অন্তত ১০ শতাংশ কমে গেলে সেটিকে সংশোধন পর্যায় বা ‘কারেকশন’ বলা হয়। শুক্রবারের দরপতনের ফলে ডাও জোন্স ও এসঅ্যান্ডপি ৫০০—উভয় সূচকই এ পর্যায়ে পৌঁছেছে।
এআই প্রযুক্তি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগকে এই দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এ খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পর সংশ্লিষ্ট কোম্পানিগুলো কতটা মুনাফা অর্জন করতে পারবে, তা নিয়ে সংশয় বাড়ছে। এআই খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমে যাওয়ায় পুরো প্রযুক্তি খাতেই বিক্রির চাপ তৈরি হয়েছে।
এদিকে, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে যাত্রা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। প্রথম দিন দাম বাড়লেও দ্বিতীয় দিন শুক্রবার শেয়ারটির মূল্য ৯ দশমিক ১ শতাংশ কমে যায়। একই দিনে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দামও ১৩ দশমিক ৮ শতাংশ কমেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার শক্তিশালী আর্থিক ফলাফল এবং অ্যানথ্রপিকের বড় আইপিও—কোনোটিই এআই খাতে বিনিয়োগের ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমাতে পারেনি। এর প্রভাবে প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের আরও কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারেও দরপতন হয়েছে।
পুরো সপ্তাহজুড়েই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মার্কিন শেয়ারবাজার। এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোন্সের সাপ্তাহিক পতন ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। অন্যদিকে, নাসডাকের সাপ্তাহিক দরপতন ২০২০ সালের মার্চের পর সবচেয়ে বেশি।