ব্রাজিলের জার্সিতে বিশ্বমঞ্চে খেলেছেন, ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানে প্রতিনিধিত্ব করেছেন এবং বর্তমানে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলছেন। তবে মাঠের সাফল্যের বাইরে এবার ভিন্ন এক কারণে আলোচনায় ব্রাজিলিয়ান নারী ডিফেন্ডার কাতেলেন সুজা। ইসলাম গ্রহণের পর পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন তিনি; সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবারও মক্কায় ওমরাহ পালনের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায়ে আলোচনায় এসেছেন এই ফুটবলার।
ফুটবলে পথচলা ও ক্যারিয়ার ১৯৯৬ সালের ২৬ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্মগ্রহণ করেন কাতেলেন সুজা ফেইতোজা। শৈশবে সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। তবে ব্রাজিলে নারী ফুটবলের সীমিত সুযোগের কারণে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান। সেখানে মনরো কলেজ, ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল চালিয়ে যান।
যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে ফ্রান্সের ক্লাব বোর্দোর হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন কাতেলেন। এরপর ইতালির ইন্টার মিলানে খেলেন এবং ২০২২ সালে যোগ দেন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। ২০২৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লেখান এই ডিফেন্ডার; পরবর্তীতে এ বছরের জুলাইয়ে আল নাসর ছেড়ে সৌদি আরবের আরেক ক্লাব আল হিলালে যোগ দেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেকের পর ব্রাজিলের হয়ে ৩১টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ ও ২০২৩ সালের নারী বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন এবং ২০২২ সালে কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন।
যেভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় পরিবর্তনের যাত্রা তুলে ধরেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। তিনি জানান, তাঁর জন্ম ক্যাথলিক পরিবারে, ছোটবেলায় ব্যাপটাইজড হয়েছিলেন এবং গির্জার বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ধর্মের প্রতি গভীর বিশ্বাস থাকলেও রিয়াল মাদ্রিদে থাকার শেষ বছরে নিজেকে আধ্যাত্মিকভাবে দিকহারা মনে করতেন এবং কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করছিলেন না। সে সময় বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়তে ও আলোচনা করতে ভালোবাসতেন।
সৌদি আরবে যাওয়ার পর মুসলিম সতীর্থদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা শুরু করেন কাতেলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সতীর্থরা কখনো তাঁর ওপর কিছু চাপিয়ে দেননি। গত বছর প্রথম রমজানে মুসলিম না হয়েও রোজা রাখার অভিজ্ঞতা তাঁর ভালো লাগে, যার পর তিনি কোরআন পড়েন এবং আরও গভীরভাবে ধর্ম নিয়ে আলোচনা করেন।
বড়দিনের ছুটিতে পরিবারের কাছে গিয়ে বাবার সঙ্গেও ধর্ম নিয়ে কথা বলেন কাতেলেন। তিনি জানান, ধর্ম সম্পর্কে এক বছরে যা শিখেছেন তা বাবাকে বলার পর বাবা তাঁকে আধ্যাত্মিকভাবে আরও পরিণত ও প্রাণবন্ত মনে করেন। এরপর সৌদি আরবে ফিরে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।
এ বছরের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের কথা জানান কাতেলেন। সে সময় আল নাসর নারী দলের সতীর্থরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর মক্কায় গিয়ে মসজিদুল হারামে প্রথমবার ওমরাহ পালন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তনের চেষ্টা ও জীবনের উপহারগুলোর জন্য তিনি কৃতজ্ঞ। সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মক্কায় গিয়ে পুনরায় ওমরাহ পালন করেছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।