পর্তুগালের রাজধানী লিসবনে আজ ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক আয়োজন বাজার ডিপ্লোমাটিকো (Bazar Diplomático 2026)। ২০ ও ২১ নভেম্বর, শুক্র ও শনিবার, লিসবনের সেন্ট্রো কংগ্রেসো দে লিসবোয়া তে অনুষ্ঠিত হবে এই আয়োজন। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি।
আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পকলা, খাদ্যাভ্যাস এবং দেশীয় পণ্যের বৈচিত্র্য তুলে ধরা হবে।
আয়োজনে বিভিন্ন দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে নিজ নিজ দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনা আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের প্যাভিলিয়নে দেশীয় পণ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপস্থাপনা পর্তুগালসহ বিভিন্ন দেশের মানুষের কাছে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি তুলে ধরতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ উপলক্ষে পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবসহ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সুন্দরভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানের স্থান ও সময়:
– তারিখ: ২০ ও ২১ নভেম্বর ২০২৬
-সময়: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা
– স্থান: Centro de Congressos de Lisboa
– ঠিকানা: Praça das Indústrias, 1300-307 Lisboa, Portugal