গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি এবং থানায় জব্দ করে রাখা যানবাহনসহ অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ভবনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় হামলা চালান। পরে থানা ভবন ও সেখানে রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন তাঁরা।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জজুড়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। ফলে এ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।