সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে বুধবার (১৮ নভেম্বর) বিকেল পর্যন্ত ১১২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগাম নোটিশ দিয়ে আটটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ৯০টি কারখানায়।
এদিকে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্পাঞ্চল পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিন ধরেই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিলেও বিভিন্ন দাবিতে পরে কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় মালিকপক্ষ একের পর এক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
এর মধ্যে ১৪টি কারখানায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। আগাম নোটিশের মাধ্যমে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় বুধবারের জন্য ছুটি দেওয়া হয় আরও ৯০টি কারখানায়। সব মিলিয়ে এদিন শিল্পাঞ্চলের ১১২টি কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
জানা গেছে, দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডসংলগ্ন আল মুসলিম গ্রুপের কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তাঁরা সড়ক থেকে না সরলে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নূর জানান, দুপুরে আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা কাজ বন্ধ করে মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করেছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।