জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবাকে দুর্নীতিমুক্ত করতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, পত্রপত্রিকায় এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানির খবর দেখলে তিনি অস্বস্তি বোধ করেন। এ ধরনের ভোগান্তি বন্ধে কার্যকর পরামর্শও চান তিনি। নাগরিকরা যেন নির্বিঘ্নে সেবা নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো চিঠি পাওয়ার পর সেটি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে আবেদনটি কোন পর্যায়ে রয়েছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি সঠিক নিয়মে আবেদন করার বিষয়ে জনসচেতনতা বাড়ানোও প্রয়োজন।