যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে পাঁচজন কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার হলের সামনে ও পেছনের সড়কে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষ হওয়ার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি চলে। এ সময় সড়কে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় লাঠিচার্জ করে লন্ডন পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বর্ণনা অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। একপর্যায়ে তারা অতিথিদের ওপর হামলা চালান। অনুষ্ঠান শেষে এ নিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ অভিযোগ করেন, নাহিদ ইসলামের কর্মসূচি বানচাল করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন। অংশগ্রহণকারীরা অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ঘটনার পর বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন নাহিদ।
পোস্টে তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এ ধরনের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে। এর আগে লন্ডনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছিল।
এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।