রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটিও।
রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসটির চালক মো. আজির হোসাইন (৩৬) ও হেলপার মো. শফিক বুজুর আলী (৩০)। আজির সুজালপুর গ্রামের মৃত আ. গফুরের ছেলে। অন্যদিকে শফিক বীরগঞ্জের দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত জয়নালের ছেলে।
নিহত দুই যাত্রী হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আতিকুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি দূরপাল্লার নৈশকোচে ভাড়া পরিশোধ নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে এ বিরোধের জেরে চলন্ত বাস থেকে ওই দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় আতিকুল ইসলাম আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাণী ইসরাইল জানান, দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাসটি আটক করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।