সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। দলের এমন পরাজয়ে হতাশা ও ক্ষোভ থেকে রাজধানীর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেন কয়েকজন দর্শক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা পূরণে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেননি রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদরা।
ম্যাচজুড়ে একাধিকবার গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে কখনো পাকিস্তানের গোলরক্ষক, আবার কখনো গোলপোস্টের বাধায় ব্যর্থ হয় স্বাগতিকরা। অন্যদিকে পাল্টা আক্রমণে বাংলাদেশের রক্ষণেও চাপ তৈরি করে পাকিস্তান।
ম্যাচের ৮৫তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল পাস থেকে বল পেয়ে গোল করেন পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদ। তাঁর ওই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান এবং প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় দলটি।
গোল হজমের পর থেকেই গ্যালারিতে হতাশা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচের শেষ দিকে কয়েকজন দর্শক মাঠের দিকে ফ্লেয়ার ছুড়ে মারেন। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে মাঠ। পরিস্থিতির কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হয়।
ম্যাচ শেষ হওয়ার পর ক্ষুব্ধ কয়েকজন দর্শক গ্যালারিতে আগুন ধরিয়ে দেন। পরে মাঠে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, পরাজয়ের পর বাংলাদেশের ফুটবলারদের মধ্যে হতাশা দেখা যায়। দলের কয়েকজন খেলোয়াড়কে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে। পুরো ম্যাচে প্রায় ৬৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের দখলে। লক্ষ্যভেদে একাধিক শট নিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো হামজা চৌধুরীদের।
অন্যদিকে, আসরের শুরুতে ভারতের কাছে ৩-২ গোলে হেরে যাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।
ম্যাচের একমাত্র গোলদাতা আব্দুল সামাদ শেহজাদ হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ম্যাচটি কঠিন হবে জানতেন তাঁরা। তবে কোচের নির্দেশনা অনুযায়ী খেলা উপভোগ করা এবং নিজেদের খেলায় মনোযোগ রাখার চেষ্টা করেছেন। জয় পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।