হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ জলপথে পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তেলবাহী ট্যাংকারে আগুন, নৌ-মাইনের আঘাতে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৩৪টি জাহাজে হামলা হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছেন।
ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে আগুন লাগানো হয়েছে। কয়েকটি ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সুপার ট্যাংকারও রয়েছে।
ইরানের দাবি, নিরাপদ চলাচলের নির্ধারিত পথের বাইরে যাওয়া এবং জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণে হামলার ঝুঁকি বাড়ছে।
এদিকে, কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির হিসাব অনুযায়ী, গত অক্টোবরে হরমুজ প্রণালিতে ৩৭টি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজে হামলা হয়েছে। সংঘাত শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত জাহাজে হামলার সংখ্যা ১৩৪। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ নাবিক।