বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কয়েকটি পোস্ট ঘিরে ভারতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও তাঁর পরিবারকে নিয়ে করা এসব পোস্টের জেরে কঙ্গনার বিরুদ্ধে পুলিশের মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পোস্টগুলোতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা নিয়ে উসকানিমূলক ইঙ্গিত দিয়েছেন তিনি।
হিমাচল প্রদেশের শিমলার এক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়। অভিযোগকারী অতুল শর্মার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টগুলো প্রকাশ করেন। এসব পোস্টে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর পরিস্থিতি নিয়ে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫৩ ও ৩৫৬ ধারায় মামলা হয়েছে। এসব ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়া, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন বক্তব্য এবং মানহানির অভিযোগের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
একটি পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করেন কঙ্গনা। সেখানে ইঙ্গিত দেওয়া হয়, তাঁর আত্মীয়রা একের পর এক নিহত হয়েছেন এবং শেষ পর্যন্ত সরকারপ্রধান হওয়ার পথ তৈরি হয়েছে তাঁর জন্য। পোস্টটির শেষে লেখা ছিল, ‘কতই না সুবিধাজনক!’
অভিযোগে আরও বলা হয়েছে, সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তাঁর স্ত্রী মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন কঙ্গনা।
অতুল শর্মার অভিযোগ, এসব পোস্ট কেবল রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এগুলো জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে পুলিশের মহাপরিচালকের কাছে ইমেইল পাঠিয়ে মামলা দায়েরের পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার ফরেনসিক তদন্তের আবেদন জানিয়েছিলেন অভিযোগকারী।
শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।