দীপাবলি উদযাপনে একসঙ্গে দেখা গেছে টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজিও পোড়ান তারা। সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সোহিনী। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে, দেবের পরবর্তী সিনেমা ‘টনিক ২’-তে কি অভিনয় করবেন এই অভিনেত্রী?
গত পূজায় মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘দেশু ৭’। ছবির প্রচার ও মুক্তির পর নরওয়ে ভ্রমণে যান তিনি। সেখান থেকে ফিরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন অভিনেতা। এ সময় নিজের পরবর্তী কাজ নিয়েও কথা বলেন দেব। জানান, তার আগামী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচারের পরিকল্পনা চলছে। এরপর ‘টনিক ২’-এর প্রস্তুতি শুরু করবেন তিনি।
দেবের সঙ্গে দীপাবলি উদযাপনের ছবি প্রকাশের পর নতুন সিনেমায় সোহিনীর অভিনয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়। গত বৃহস্পতিবার ‘মৃগয়া ১.৫’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী। নতুন সিনেমাটি ইতোমধ্যে জি ফাইভে মুক্তি পেয়েছে। এতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী।
দেবের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে সোহিনী বলেন, ‘আমরা একসঙ্গে দীপাবলি উদ্যাপন করেছি। সেই মুহূর্তের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলাম। তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। এমনটা না-ও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়। আশা করি, এ বিষয়েও সময়ই উত্তর দেবে।’
তিনি আরও বলেন, ‘যদি সত্যিই একসঙ্গে কাজ করতে পারি, তাহলে খুবই উত্তেজিত হব। দেব সবার পছন্দের তারকা। দেখা যাক কী হয়।’
সোহিনীর বক্তব্যে নতুন সিনেমায় তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত না হলেও সম্ভাবনা একেবারে নাকচ করেননি তিনি।
এদিকে শোনা যাচ্ছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার ও মুক্তির কাজ শেষ করে নতুন সিনেমার কাজে মনোযোগ দেবেন দেব। নিজের জন্মদিন উদযাপনের পর নতুন বছরে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।