জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, প্রথমে নাগরিক ঐক্য এই প্রতীক দাবি করেছিল, তবে সেটি তাদেরও দেওয়া হয়নি। পরে এনসিপি একই প্রতীক চাইলে কাউকেই আর এটি বরাদ্দ করা হয়নি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ তথ্য জানান।
শাপলা প্রতীক না পেলে নির্বাচন কঠিন হবে—এনসিপি নেতা সারজিস আলমের এমন মন্তব্য প্রসঙ্গে সিইসি বলেন, এটিকে তিনি হুমকি হিসেবে দেখছেন না। তার মতে, রাজনৈতিক নেতারা বিভিন্ন কথা বলেন, নির্বাচন কমিশন শুধু তাদের কাজ চালিয়ে যাবে। বরং তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচনের ব্যাপারে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে চলছে। প্রধান উপদেষ্টাও সময় হিসেবে ফেব্রুয়ারির কথা উল্লেখ করেছেন। তাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে তিনি নিশ্চিত করেন। পাশাপাশি সিইসি বলেন, সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। এ ব্যবস্থা চালু করতে হলে সংবিধান ও আইন সংশোধন প্রয়োজন।
অন্যদিকে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে তিনি জানান, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। বর্তমানে তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।