যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের একটি ব্যস্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। পুলিশ ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের বিষয়ে আলোচনা করছিল। এ সময় কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান।
পরে ওই কক্ষে প্রবেশ করে পুলিশ দেখতে পায়, সন্দেহভাজন ব্যক্তি নিজেকেই গুলি করেছেন। এরপর তাঁকে আটক করা হয় বলে জানান ক্যারল।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। তখন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৩ মিনিট।
ঘটনাস্থলে থাকা আল জাজিরার এক প্রতিবেদক জানান, হামলার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সেখানে অভিযান চালানো হয়।
জিমের ভেতরেও গুলি
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ অবস্থান করছিলেন।
স্পেলম্যান বলেন, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন তিনি। ওই ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরছিল। জিমের আরেক সদস্য তাঁকে সহায়তা করতে এগিয়ে যান। তবে গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল। জিমের ভেতরে তিনি প্রায় দুটি গুলির শব্দ শুনতে পান। এরপর বাইরে আরও পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা যায়।
হোয়াইট হাউজের কাছেই হামলা
হামলার স্থানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে। কর্মব্যস্ত সময়ে এ ঘটনা ঘটায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তার কারণে ঘটনাস্থলের কাছাকাছি কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় পুলিশ।
পুলিশের নির্দেশনায় বলা হয়, কাছাকাছি কোনো ভবনের ভেতরে প্রবেশ করতে হবে এবং জানালা থেকে দূরে থাকতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়।