প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের মধ্যে সর্বাধিক শিশুর অঙ্গহানির ঘটনা ঘটেছে গাজায়
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩১ পিএম
গাজা এখন বিশ্বের সর্বোচ্চ হারে শিশুর অঙ্গহানির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে। বুধবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি।
তিনি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রায় চার হাজার শিশুর অঙ্গচ্ছেদ ঘটেছে।
লাজারিনি বলেন, “শিশুদের ওপর প্রভাব শুধু শারীরিক আঘাত বা খাদ্যাভাবেই সীমাবদ্ধ নয়। তাদের মানসিক ক্ষত আরও ভয়াবহ—উদ্বেগ, দুঃস্বপ্ন, আক্রমণাত্মক আচরণ, ভয়। অনেক শিশু ভিক্ষাবৃত্তি, চুরি বা শিশুশ্রমে জড়িয়ে পড়ছে—শৈশব হারিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “যত দিন এ পরিস্থিতি চলবে, ততই শিশুরা দীর্ঘস্থায়ী ও গভীর মানসিক আঘাতে প্রজন্মের পর প্রজন্ম ভুগবে।” শিশুদের স্বার্থেই অন্তত যুদ্ধবিরতির জন্য তিনি আহ্বান জানান।
সম্প্রতি জাতিসংঘের তদন্তকারীরা উপসংহারে পৌঁছেছেন যে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে ৬৫ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।