গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর জের ধরে পরপর কয়েকটি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।