পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক আগ্রাসনের শিকার হলে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের কট্টরপন্থী রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট হাসান রাশভান্দ। তাঁর দাবি, সামরিক সক্ষমতা প্রদর্শনে ইরান এখন থেকে দুই হাজার কিলোমিটারের ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে নেওয়ার বার্তা দিয়েছে এবং নতুন করে আক্রমণ চালানো হলে ইউরোপের অন্তত পাঁচটি দেশ ইরানের কঠোর সামরিক জবাবের মুখে পড়তে পারে। বুধবার (১১ নভেম্বর) ইরানের ফারসি ভাষার ডানপন্থী সংবাদপত্র কায়হান-এ প্রকাশিত এক সম্পাদকীয়তে এসব কথা জানানো হয়।
পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপ ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের সরাসরি নিশানায় রাখা উচিত। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছে থাকা বিশাল ক্ষেপণাস্ত্র মজুত এবং গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গের বিস্তৃত নেটওয়ার্ক দেশজুড়ে একটি ‘অজানা ও দুর্ভেদ্য দুর্গ’ গড়ে তুলেছে। ইরানের প্রতিরক্ষা শিল্পের ‘লৌহমুষ্টি’ হিসেবে পরিচিত খোররামশাহর-৪ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা তুলে ধরে দাবি করা হয় যে, মাঝপথে শব্দোত্তর গতির এই ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ম্যাক ১৬ বা শব্দের গতির ১৬ গুণে (ঘণ্টায় প্রায় ১৯ হাজার ৭৬০ কিলোমিটার) পৌঁছাতে পারে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় ম্যাক ৮ গতিতে চলা এই ক্ষেপণাস্ত্রটি রাডার ও ইলেকট্রনিক যুদ্ধের প্রতিবন্ধকতা এড়িয়ে মাত্র ১২ মিনিটেরও কম সময়ে দুই হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
সম্পাদকীয়তে আরও বলা হয়, জার্মানি, ইংল্যান্ড, আলবেনিয়া, গ্রিস ও সাইপ্রাসের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান উড়তে দেখলেও তেহরান এখন পর্যন্ত সংযম প্রদর্শন করেছে। তবে ভবিষ্যতে যেকোনো পশ্চিমা সামরিক পদক্ষেপে এই ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উদ্বেগ এবং ট্রাম্প প্রশাসনের নতুন হুমকির প্রেক্ষাপটে কায়হানের মতো কট্টরপন্থী সংবাদমাধ্যমগুলোর এমন কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, পারমাণবিক ইস্যু ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান অচলাবস্থা যেকোনো সময় বড় ধরনের বৈগ্রবিক সংঘাতে রূপ নিতে পারে।