বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (০৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির বাসটি বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে রাখা ছিল। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে পুলিশ লাইন্সের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন এবং তা নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।