প্রবাসে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিশরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।পতাকা উত্তোলন শেষে দুপুরে দূতাবাসের হলরুমে এক আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দের সভাপতিত্বে এবং জিএম মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন নোমান করিম আজহারী।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের শ্রম সচিব মো. জাকির হোসেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মাসুদ করিম চৌধুরীজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগঠন ‘ইত্তেহাদ’ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা এবং বাংলাদেশের ইতিহাসে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ঢাকা থেকে পাঠানো দিবসটির ওপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে। তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে একটি সুখী, সমৃদ্ধ, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গৌতম কুমার দে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সমুন্নত রেখে জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মিশরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়।