ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট তাঁর নেতৃত্বাধীন সরকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থি মিত্রদের অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সরকারে যোগ দিতে হলে নেতানিয়াহুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটের নেতৃত্ব মেনে নিতে হবে।
রোববার (৮ নভেম্বর) সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর এ অবস্থানের কথা জানান আইজেনকোট। তিনি বলেন, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি তাঁর নেতৃত্বাধীন সরকারে যোগ দিলে স্বাগত জানানো হবে।
আইজেনকোট বলেন, লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই ঐক্যের সময় বলে মনে করেন, যেমনটি তাঁরা প্রেসিডেন্টকে জানিয়েছেন, তাহলে তাঁর নেতৃত্বাধীন সরকার এবং প্রস্তাবিত নীতিগুলোকে সমর্থন না করার কোনো কারণ নেই।
প্রায় দুই দশক ধরে বিভিন্ন মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা, লেবানন ও ইরানে সামরিক অভিযান পরিচালনা করেছে তাঁর সরকার। তবে গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর সমর্থন কমে গেলেও কোনো পক্ষই সরাসরি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।
গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে পরামর্শের সময় আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতা সরকার গঠনের সুপারিশ করেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেন ৪৬ জন আইনপ্রণেতা।
তবে এই হিসাবের মধ্যে ইসরায়েলি আরব আইনপ্রণেতারাও রয়েছেন। নেতানিয়াহু সরকারের প্রতি অসন্তোষের কারণে এবারের নির্বাচনে আরব সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলগুলোর আসনসংখ্যা ঐতিহাসিকভাবে বেড়েছে। নেতানিয়াহুর সরকারের কট্টর ডানপন্থি নেতারা প্রকাশ্যেই আরব সম্প্রদায়কে একঘরে করার পক্ষে অবস্থান নিয়েছেন।
এ পরিস্থিতিতে নতুন সরকার গঠনে আইজেনকোটের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক পক্ষকে এক ছাতার নিচে আনা। তবে নেতানিয়াহুকে সরকারে নেওয়ার প্রস্তাবে তাঁর নেতৃত্ব মেনে নেওয়ার শর্তই দিয়েছেন তিনি।