সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে এর পরপরই দেশটির বৃহত্তম তেল কোম্পানি আরামকোর একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির দরজা-জানালার কাচ উড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে ভবনটির ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের অন্যতম উঁচু ভবন আরামকো টাওয়ারের বিভিন্ন তলায় দরজা ও জানালার কাচ ভেঙে উড়ে গেছে।
বার্তা সংস্থা এএফপিকে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের বাণিজ্যিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। এতে আরামকো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের একজনের ভাষ্য, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ টাওয়ারটিতে আঘাত হেনেছে। অন্য দুজনও ভবনটির কাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (০৮ নভেম্বর) সৌদি সিভিল ডিফেন্স সম্ভাব্য হুমকি সম্পর্কে প্রাথমিক সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে হুতিরা। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটও ইয়েমেনের হুতিনিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।