জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। শক্তিশালী কম্পনে বিভিন্ন এলাকার দোকানপাটের জানালার কাচ ভেঙে পড়েছে। বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতিও হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। মূল ভূমিকম্পের পর ওই এলাকায় একাধিকবার আফটারশক বা পরবর্তী মৃদু কম্পন অনুভূত হয়।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচার। প্রতিবেশী আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়। এ ছাড়া বিখ্যাত মাউন্ট ফুজি অবস্থিত ইয়ামানাশি অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব পড়ে। তবে এসব এলাকা থেকে রাজধানী টোকিওর দূরত্ব বেশি হওয়ায় সেখানে কোনো কম্পন অনুভূত হয়নি।
ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সড়কে জানালার ভাঙা কাচ ছড়িয়ে রয়েছে। একটি বইয়ের দোকানে তাক থেকে সব বই মেঝেতে পড়ে গেছে। আহত ব্যক্তিদের অধিকাংশই ভূমিকম্পের সময় দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়িতে আঘাত পেয়েছেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বা বুলেট ট্রেন কম গতিতে চলাচল করছে। রেললাইনে কোনো ফাটল বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।