আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক সংবাদকর্মীর বাগ্বিতণ্ডা ও অনৈতিক স্পর্শের অভিযোগ ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে, তখন নিজের জীবনের একই ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক অনুষ্ঠানে সাংবাদিকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হওয়ার কথা জানিয়ে কর্মক্ষেত্রে নারীদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় প্রভা এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে পরীমনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাংবাদিকের পক্ষ না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রভা বলেন, কর্মক্ষেত্রে কোনো নারী এ ধরনের পরিস্থিতির শিকার হলে তা নীরবে এড়িয়ে যাওয়া উচিত নয়। কারণ, অন্যায়ের প্রতিবাদ না করলে একসময় নিজের কাছেই অপরাধবোধ তৈরি হয় এবং বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হয়।
নিজের অভিজ্ঞতা বর্ণনা করে অভিনেত্রী জানান, একবার একটি প্রসাধনীর মেলায় অংশ নিতে গিয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন তিনি। এ সময় তাঁদের মধ্যে একজনের আচরণে অস্বস্তিতে পড়েন। ওই সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তাঁর শরীরের খুব কাছাকাছি আসার চেষ্টা করেন। বারবার সরে যাওয়ার পরও ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হাত এগিয়ে আনছিলেন বলে অভিযোগ করেন প্রভা।
ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ওই ব্যক্তি সাংবাদিক না হলে তিনি নিজেই তাঁকে স্যান্ডেল দিয়ে মারতেন।
প্রভা আরও জানান, পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে মুচকি হেসে ওই সাংবাদিককে নিজের অস্বস্তির বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন। তাঁর এই বক্তব্যের পর কর্মক্ষেত্রে নারী তারকাদের নিরাপত্তা, ব্যক্তিগত পরিসর এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমনি। শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় তাঁকে জামিন দেন আদালত।
পরে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় এক সংবাদকর্মীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। ওই সাংবাদিকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শরীর ঘেঁষে আসার অভিযোগ তোলেন পরীমনি। তবে সংশ্লিষ্ট সংবাদকর্মী অভিযোগটি অস্বীকার করেছেন। ঘটনাটি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সূত্রপাত হয়।