রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে কয়েকজন ব্যক্তি। শুক্রবার (০৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এসআই মিজানুর রহমান আরও জানান, কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিসংযোগের পর সড়কটির এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।