তারকাদের নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে মাঝে মাঝে এই ভালো লাগা এমন পর্যায়ে পৌঁছায়, যা রীতিমতো অবাক করার মতো। সম্প্রতি হলিউড অভিনেত্রী সিডনি সুইনির গোসলের পানি দিয়ে তৈরি সাবান বাজারে আসার পর তা নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল।
মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’-এর মাধ্যমে হলিউডে বেশ পরিচিতি লাভ করেছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য ও ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে নানা আলোচনা হয়।
২০২৪ সালে পুরুষদের পরিচর্যাপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ড. স্কোয়াচ’-এর একটি বিজ্ঞাপনে বাথটাবে বসে বডি ওয়াশের প্রচার করেছিলেন তিনি। বিজ্ঞাপনটি প্রকাশের পর অনেক ভক্ত রসিকতা করে তাঁর গোসলের পানি চান। ভক্তদের সেই মজাটিকেই বিপণনের সুযোগ হিসেবে নেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।
২০২৫ সালের মে মাসে ঘোষণা করা হয়, শুটিংয়ের সময় বাথটাবের সংগৃহীত পানির সামান্য অংশ ব্যবহার করে তৈরি হচ্ছে বিশেষ সাবান। ‘সিডনিস বাথওয়াটার ব্লিস’ নামের এই সাবানে গোসলের পানির পাশাপাশি পাইন বার্ক এক্সট্র্যাক্ট ও এক্সফোলিয়েটিং উপাদান ব্যবহার করা হয়।
২০২৫ সালের ৬ জুন যুক্তরাষ্ট্রে সাবানটি বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। প্রথমে প্রতিটির দাম ৮ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার টাকা) রাখা হলেও মাত্র ৫ হাজার সাবানের এই সীমিত সংস্করণ দ্রুত শেষ হয়ে যায়। পরবর্তীতে রিসেল মার্কেটে সাবানটি প্রায় দুই লাখ টাকায় বিক্রি হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।