দিনব্যাপী সফরে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দরের দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, আন্তর্জাতিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান, খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত এবং ক্রীড়া উৎসবের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে সরাসরি বাগেরহাটের মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
পরে ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান।
মোংলার কর্মসূচি শেষে দুপুরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে খুলনায় গিয়ে খুলনা সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতি করবেন।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস—সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দিনব্যাপী সফর শেষে আজই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাটে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁকে স্বাগত জানাতে খুলনা নগরীর বিভিন্ন সড়কের দেয়ালে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরে চিত্রকর্ম আঁকা হয়েছে। সফরকে কেন্দ্র করে দুই জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।