নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি মুক্তি পান বলে ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। শনাক্তের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়।
ঘটনার দিন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর এলাকা ছাড়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাদের লক্ষ্য করে স্লোগান দেন এবং আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করেন।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজও করা হয়। পুলিশের সহযোগিতায় পরে সফরসঙ্গীরা নিরাপদে এলাকা ত্যাগ করেন।