আগামী ২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ২৬তম বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তুত করা এই ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ১৪ দিন। সাপ্তাহিক ছুটির দিনগুলোর সঙ্গে কিছু ছুটি মিলে যাওয়ায় মোট ছুটির সংখ্যা দাঁড়ালেও কার্যকর সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৈরি করা খসড়া তালিকা অনুযায়ী, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট চার দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এছাড়া বাংলা নববর্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি রাখা হয়েছে, যার মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। সব মিলিয়ে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় আগামী বছর প্রকৃত বা কার্যকর সরকারি ছুটির দিন হবে ২২ দিন।
খসড়া তালিকায় সরকারি কর্মচারীদের জন্য ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগের বিধানও বহাল রাখা হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ বা অনুরূপ উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রাখা হয়েছে।