অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সনদটি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্ব বহন করে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সিরিজ সেমিনারের একটি পর্ব অনুষ্ঠিত হয়। ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক ওই আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্বর্তীকালীন সরকার) সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’
জুলাই সনদের আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়টি কীভাবে আলোচনায় এসেছিল, তা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ সনদটি চায় কি না, সে প্রশ্ন ওঠার পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে এর আইনি ভিত্তি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তখন বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তির প্রয়োজন দেখা দিয়েছিল।
সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সে সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। পরে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলেও আদালত এ দায়িত্ব নিতে সম্মত হয়নি। আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল, এটি রাজনৈতিক বিষয়; রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে।