সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নজরকাড়া ফলাফল করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন। কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিন বিভাগ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগে ১ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জনের মধ্যে ৬৯ জন এবং মানবিক বিভাগে ৩১১ জনের মধ্যে ৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাসের হার ছিল শতভাগ।
২০১২ সাল থেকে টানা তিন বছর ঢাকা শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছিল আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। ২০১৫ সাল থেকে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ বন্ধ থাকলেও ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সোয়াইব হোসেন বলেন, কলেজের হোস্টেলে থেকে পড়াশোনার সুযোগ, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং অভিভাবকদের নিয়মিত তদারকির কারণে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। শিক্ষক ও অভিভাবকেরা তাঁদের সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন বলেও জানান তিনি।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া মাইমুনা আক্তারসহ অন্য শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের নজরদারি এবং নিজেদের নিয়মিত পড়াশোনার সমন্বিত ফল হিসেবেই এ সাফল্য এসেছে।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও কঠোর পরিশ্রম করেছেন।
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ কারণে একজন অকৃতকার্য হয়েছে এবং প্রতিষ্ঠানটি শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, “প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এ ফলাফল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক তথা নরসিংদীবাসীর অর্জন।”
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০০৮ সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৯৯ শতাংশ পাসের হার অর্জন করে। ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা শিক্ষা বোর্ডে পঞ্চম এবং সারা দেশে ষষ্ঠ স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে চতুর্থ এবং ২০১১ সালে সপ্তম স্থান অর্জন করে।
এ ছাড়া ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে শতভাগ পাসসহ ঢাকা শিক্ষা বোর্ড তথা সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে কলেজটি। পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ বন্ধ হলেও ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।