যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে ছুরি দিয়ে হামলার চেষ্টার অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে মিজানুর রহমান ডিম ছোড়েন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ডিম দুটি আখতার হোসেনের পিঠে লাগে। তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান।

ঘটনার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন এবং তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। পরবর্তীতে তাঁরা গাড়ির সামনে শুয়ে পড়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী বিমানবন্দর কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ডিম নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশ মিজানুর রহমানকে আটক করে। আটক হওয়ার সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, এতে আওয়ামী লীগের নেতা–কর্মীরাও স্লোগান তোলেন।
সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বিক্ষোভ শেষে আনন্দ উদ্যাপন চলাকালে পুলিশ মিজানুরকে আবারও আটক করে। তাঁকে রাত হাজতে কাটাতে হবে এবং বুধবার আদালতে নেওয়া হবে বলে এনওয়াইপিডি সূত্র নিশ্চিত করেছে।
অন্যদিকে, ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা। সেখানে প্রতিবাদের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিক্ষোভ করে। রাস্তার দুই পাশে এনসিপি ও আওয়ামী লীগের সমর্থকেরা পাল্টাপাল্টি স্লোগান দেয়। এ ঘটনায় এনসিপি নেতা আখতার হোসেন আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিচারের দাবি জানিয়েছেন।