দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি দাবি করেছেন, বর্তমান সরকারের সময়ে কাউকে গুম করা হয়নি এবং ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রীর দেশে ফেরা, নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার এবং উপনির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ডিসেম্বরে আওয়ামী লীগের নেত্রীর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমেদ বলেন, কে কখন দেশে ফিরতে চান, সেটি দেখার বিষয় নয়। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে বলেও জানান তিনি।
নাটোরে সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া সম্ভব হয়েছে।
উপনির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন যথেষ্ট ভালো হচ্ছে। এ সময় পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
এদিকে, রাজনৈতিক বিবেচনায় প্রশিক্ষণের আগে বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনরায় নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে চলতি বছরের ২ আগস্ট ৫৮ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে ২৭তম বিসিএসের ৫৭ জন এবং ২৮তম বিসিএসের একজন কর্মকর্তা ছিলেন।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই কর্মকর্তাদের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করেছিল।
অন্যদিকে, নিখোঁজ হওয়ার এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় আপাতত কোনো মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত ওই কর্মকর্তার নাম কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।