দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে আরও তিনজন মারা গেছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাঁদের নিয়ে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।
এদিকে গত একদিনে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬৯৫ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।