মিরপুরসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (২৮ অক্টোবর) সকালে ও বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে দুই দফায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় তিনি এ কথা জানান।
শফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু হকার ও দখলদার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল ব্যাহত হচ্ছিল। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মার্কেট কমিটির নেতারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন।
তিনি বলেন, জনগণের হাঁটার পথ উন্মুক্ত রাখা নৈতিক দায়িত্ব। সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরেই অভিযান পরিচালনা করা হবে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসক আরও বলেন, পরাজিত শক্তি ও ফ্যাসিবাদী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ার পরও তাদের সঙ্গে সমন্বয় করে কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্থানীয় পুলিশ কর্মকর্তা, ডিএনসিসির নেতাকর্মী ও সাধারণ মানুষ সহযোগিতা করেন।
সড়ক ও ফুটপাতের অবৈধ দখল রোধ এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএনসিসি প্রশাসন।