বছর ঘুরে আনন্দ ও উৎসবের আমেজে দেশজুড়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের তাল, শঙ্খধ্বনি আর পূজার চেনা আবহে সাধারণ মানুষের পাশাপাশি উৎসবের আনন্দে মেতে উঠেছেন বিনোদন জগতের তারকারাও। পূজা মণ্ডপে প্রতিমা দর্শন ও সময় কাটানোর কিছু সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী।
অষ্টমীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে ভিন্ন ভিন্ন স্নিগ্ধ সাজে দেখা গেছে। কখনো সোনালী পাড়ের গোলাপি কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায় ঐতিহ্যবাহী লুকে ধরা দিয়েছেন তিনি, আবার কখনো লাল-কালো কম্বিনেশনের নান্দনিক সাজে ভক্তদের নজর কেড়েছেন। এছাড়া অন্য একটি প্রোফাইল থেকেও মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে তাকে লাল শাড়িতে বেশ আকর্ষণীয় লুকে দেখা গেছে। প্রতিটি ছবিতেই দেবী প্রতিমার সামনে তার হাস্যোজ্জ্বল ও ভক্তিময় উপস্থিতি বেশ প্রশংসিত হয়েছে।
পূজার এই আনন্দঘন মুহূর্তে ভক্ত ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মন্দিরা লিখেছেন, “শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তাঁর আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।”
তার এই সুন্দর সাজসজ্জা এবং সম্প্রীতির বার্তা ভরা শুভেচ্ছা পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছে।