বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেটের জমকালো বার্ষিক শোতে ফ্যান্টাসি অন্তর্বাস পরে রানওয়েতে অভিষেক হয়েছে মার্কিন টেলিভিশন তারকা ও বিউটি মুঘল কাইলি জেনার। রোববার অনুষ্ঠিত এই আয়োজনে ৫ কোটি বা ৫০ মিলিয়ন ডলার মূল্যের চোখধাঁধানো অন্তর্বাস পরে র্যাম্পে হাঁটেন তিনি, যা ফ্যাশন বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জ্যাকব অ্যান্ড কো-এর তৈরি এই অন্তর্বাসটি ১৮ ক্যারেট সোনা এবং ৪ হাজার ৪১০টি হীরা দিয়ে তৈরি করা হয়েছে, যা তৈরিতে ১৫ জন কারিগরের সময় লেগেছে ৪২ দিনেরও বেশি। র্যাম্পে হাঁটার সময় কাইলির পরনে শিয়ার মিনি স্কার্ট ও সাদা ডানা থাকলেও মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই ডায়মন্ডখচিত ফ্যান্টাসি ব্রা। ঐতিহ্যগতভাবে শীর্ষস্থানীয় মডেলদের জন্য এই অন্তর্বাস পরা সৌভাগ্যের বিষয় হলেও, পেশাদার মডেলদের বাদ দিয়ে একজন টিভি তারকাকে কেন এই সুযোগ দেওয়া হলো—তা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে ফ্যাশন বিশ্বে। সমালোচকদের অভিযোগ, রানওয়ের অভিজ্ঞতার চেয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বেশি প্রাধান্য দিচ্ছে ব্র্যান্ডটি।
তবে সমালোচনার মুখে কাইলিকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে ব্র্যান্ডটির প্রধান কর্মকর্তা অ্যাডাম সেলম্যান জানিয়েছেন, ভক্তদের দীর্ঘদিনের দাবি এবং কাইলির বিশাল বৈশ্বিক সাংস্কৃতিক প্রভাবের কথা বিবেচনা করেই তাকে সবচেয়ে উপযুক্ত মনে করা হয়েছে। মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, তরুণ প্রজন্মকে আকর্ষণ ও বিশাল ক্রেতাশ্রেণীকে যুক্ত করতেই এই কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে ব্রিটিশ মডেল সামার নেসবেথ এই নিয়োগের পেছনে ব্র্যান্ডটির ব্যবসায়িক কৌশলকে সমর্থন করলেও প্রশ্ন তুলেছেন অর্থনৈতিক বৈষম্য নিয়ে। বিশ্বের সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন একটি অন্তর্বাসের পেছনে এত অর্থ ও আড়ম্বর প্রদর্শন কতটা যৌক্তিক—তা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নানাবিধ সমালোচনার মুখে ২০১৮ সালে তাদের ঐতিহ্যবাহী বার্ষিক শো বন্ধ ঘোষণা করেছিল ভিক্টোরিয়া সিক্রেট। দীর্ঘ বিরতির পর ব্র্যান্ডটি বর্তমানে নতুন কৌশল ও ঢংয়ে নিজেদের পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে।