পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির ঢাকায় পৌঁছেছেন বৃহস্পতিবার রাতে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি ঢাকায় অবস্থানের খবর প্রকাশ করেন। এরপর সন্ধ্যায় বাংলায় লেখা এক বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়ে ভক্তদের চমকে দেন।
ছবিসহ দেওয়া সেই পোস্টে হানিয়া লেখেন— “আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?” সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা এবং একটি হৃদয় ইমোজি। মুহূর্তেই তার এই পোস্ট ভাইরাল হয়ে পড়ে। মাত্র এক ঘণ্টায় ৬০ হাজারের বেশি রিয়েকশন ও ৫ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরাটন হোটেলে এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হবেন হানিয়া আমির। এছাড়া ২১ সেপ্টেম্বর তিনি ফটোশুটে অংশ নেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন।
২০১৬ সালে অভিনয়ে অভিষেক হওয়া এই তারকা ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’ এর মতো জনপ্রিয় নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি বলিউডে ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন।
রোমান্টিক, কমেডি থেকে শুরু করে বিভিন্ন চরিত্রাভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন হানিয়া। শুধু অভিনয় নয়, গানেও দক্ষতা দেখিয়েছেন তিনি। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রীর ধারাবাহিকপ্রতি পারিশ্রমিক প্রায় চার লাখ রুপি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৩ কোটি রুপি।
বর্তমানে ২৮ বছর বয়সী হানিয়া আমিরের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।