দেশের সব মোটরসাইকেল মালিককে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত শর্ত মেনে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। এতে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো ধরনের শোভা বর্ধন বা নকশা করা যাবে না।
এমএমটি
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নিবন্ধন নম্বরের একটি অনুলিপি মোটরসাইকেলের সামনে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটি উল্লেখ করেছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত শর্ত অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।