সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত করেছে স্থানীয় দুটি সংগঠন। তবে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সাজেক সড়কে যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে সাজেকবাসীর মূল দাবিগুলো পূরণ করা না হলে দুর্গোৎসব শেষে ২১ অক্টোবরের পর আবারও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হবে।
এর আগে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে তিন দফা দাবিতে গত রোববার (১১ অক্টোবর) রাঙামাটির সাজেক সড়কে প্রথম দফায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওই দিন বিকেলে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেন।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির প্রতিনিধি বাবুধন চাকমা জানান, প্রশাসনের কাছে তাঁদের তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো, সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে নিতে হবে, ভবিষ্যতে জেএসএস যেন কাউকে প্রাণনাশের হুমকি দিতে না পারে, সেই নিশ্চয়তা দিতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ও নিরীহ মানুষের বাড়িতে বাড়িতে তল্লাশি ও হয়রানি বন্ধ করতে হবে।
এদিকে, প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে বুধবার (১৪ অক্টোবর) সাজেকে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।