সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মাসের প্রথম ১৫ দিনে অন্তত ২০ বার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন পরিবহন কেন্দ্র ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এসব হামলার বিবরণ তুলে ধরেন।
তিনি বলেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামোসহ বেসামরিক নাগরিক এবং সাধারণ অবকাঠামো লক্ষ্য করে চালানো সব সন্ত্রাসী কর্মকাণ্ড হুথিদের অবিলম্বে বন্ধ করতে হবে।
এদিকে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সংঘাত বাড়তে থাকায় গত কয়েক সপ্তাহে ইয়েমেনের হুথিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে ওমানে বৈঠকে বসার প্রস্তাবে রাজি হয়নি গোষ্ঠীটি।
সাংবাদিকদের সঙ্গে ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি বিষয়ক উপমন্ত্রী ড. রায়েদ ক্রিমলি বলেন, সংঘাত তীব্র হওয়ার শুরুর দিকে হুথিদের ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু গোষ্ঠীটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কয়েক সপ্তাহ আগে হওয়া ওই যোগাযোগই ছিল তাদের সঙ্গে সৌদি কর্তৃপক্ষের শেষ বার্তা।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।”
তবে সৌদি জোটের এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, বৃহস্পতিবার সৌদি আরবে কোনো হামলা চালানো হয়নি।