গতি, গর্জন আর রোমাঞ্চের মঞ্চে ফিরছে আফ্রিকা। প্রায় চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ফর্মুলা ওয়ানের গ্রাঁ প্রি আয়োজন করতে যাচ্ছে রুয়ান্ডা। ২০৩০-এর দশকের শুরুতে দেশটিতে বসবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মোটর রেসিং প্রতিযোগিতার আসর। ১০ বছরের চুক্তিতে রেস আয়োজনের পাশাপাশি দেশটিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের নতুন গন্তব্য হিসেবে তুলে ধরার পরিকল্পনা করছে রুয়ান্ডা।
ইঞ্জিনের গর্জন, চোখধাঁধানো গতি আর সেকেন্ডের ভগ্নাংশে জয়-পরাজয়ের হিসাব। ফর্মুলা ওয়ানের রোমাঞ্চ এবার ফিরছে আফ্রিকার মাটিতে। আর এই প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করছে রুয়ান্ডা।
১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার কায়ালামিতে আফ্রিকার সর্বশেষ ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল। এরপর পেরিয়েছে তিন দশকেরও বেশি সময়। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে পূর্ব আফ্রিকার দেশটি।
২০৩০-এর দশকের শুরুতে ১০ বছরের চুক্তির আওতায় আয়োজন করা হবে আফ্রিকান গ্রাঁ প্রি। রাজধানী কিগালির দক্ষিণ-পূর্বে বুগেসেরায় নির্মাণ করা হবে অত্যাধুনিক রেসিং সার্কিট। আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এই ট্র্যাক তৈরি করা হবে আন্তর্জাতিক মোটর স্পোর্টস সংস্থা এফআইএর গ্রেড-ওয়ান মানদণ্ড অনুসারে। তবে প্রথম রেস কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
রুয়ান্ডার পরিকল্পনা শুধু রেস আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সার্কিটকে কেন্দ্র করে পর্যটন, বাণিজ্য, ক্রীড়া ও যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের নজর আকর্ষণের পাশাপাশি পর্যটন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই সরকারের লক্ষ্য।
ফর্মুলা ওয়ানের জন্য আফ্রিকায় ১০ কোটিরও বেশি ভক্ত রয়েছে। ফলে নতুন এই আয়োজন বাণিজ্যিকভাবেও বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে রুয়ান্ডার এই উদ্যোগ বাস্তবায়নে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ।
বিশাল ব্যয়ে সার্কিট নির্মাণ ও পরিচালনার মাধ্যমে অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সমালোচনাও নতুন করে আলোচনায় আসতে পারে।
এদিকে আফ্রিকায় গ্রাঁ প্রি ফিরিয়ে আনার দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। রুয়ান্ডার সঙ্গে চুক্তি হলেও ভবিষ্যতে মহাদেশটিতে একাধিক রেস আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ফর্মুলা ওয়ান।
সব মিলিয়ে রুয়ান্ডার সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। বিশ্বের দ্রুততম রেসিং কারের জন্য উপযুক্ত ট্র্যাক নির্মাণ এবং সেই আয়োজনকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি ও পর্যটন খাতকে এগিয়ে নেওয়া।