ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানার তেল স্থাপনায় পূর্বঘোষিত বিমান হামলা চালালে এর পাল্টা জবাব দেওয়া হবে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে দাম্মামে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত আরামকোর একটি তেল শোধনাগার। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে সরে যেতে এবং আশপাশের এলাকা এড়িয়ে চলতে বলেছে গোষ্ঠীটি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সানার তেল স্থাপনায় হামলার ঘোষণা দেন। একই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
গত কয়েক দিন ধরে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত চলছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে সৌদি আরব।
মঙ্গলবারও রিয়াদ লক্ষ্য করে ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে সেগুলো কোন স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিংবা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি মুখপাত্র তুর্কি আল মালিকি।
সানায় সম্ভাব্য বিমান হামলার ঘোষণার পর হুথিদের পাল্টা হুমকিতে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে।