প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা-সংক্রান্ত সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাবে। তিনি বিমানবন্দরটি উদ্বোধন করবেন।
উদ্বোধনের তারিখ প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর তাঁর সময় পাওয়া গেলে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।
কক্সবাজার থেকে কোন কোন এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন দেশের এয়ারলাইনসের কান্ট্রি হেডরা সভায় উপস্থিত রয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে গন্তব্য দেশগুলো নির্ধারণ করা হবে।